বান্দরবান প্রতিনিধি:
দেশের সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়ন, ঐতিহ্য সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বান্দরবানের ফারুক পাড়ায় মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ফারুক পাড়া সাংস্কৃতিক ইনস্টিটিউটের কনফারেন্স হলে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।
সভায় সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম, দেশীয় সংস্কৃতির বিকাশ, শিল্পীদের অধিকার সংরক্ষণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় অতিথিরা সাংস্কৃতিক কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনে সাংস্কৃতিক সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংস্কৃতিকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং জাতীয় ঐতিহ্য সংরক্ষণ সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় ফারুক পাড়া সাংস্কৃতিক ইনস্টিটিউটের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ে ৩ লাখ টাকা দেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করে এবং তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। তাই সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও এর বিকাশে সরকারি প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে ফারুক পাড়ার সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নতুন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ধরনের মতবিনিময় সভা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরি, তাঁর পিএস জয়নাল আবেদীন, সুয়ালক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, প্রতিমন্ত্রীর একান্ত সচিব হেলালসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।
Leave a Reply